আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নাটোর ১ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারক কমিটি। প্রতীক বরাদ্দের আগেই নির্দিষ্ট প্রতীকে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
রবিবার নাটোর ১ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারক কমিটির দায়িত্বপ্রাপ্ত রাজশাহীর যুগ্ম মহানগর দায়রা জজ মো জাহিদ হাসানের স্বাক্ষরিত এক চিঠিতে তাকে শোকজ করা হয়।
নাটোর জেলা নির্বাচন অফিসার মো নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নোটিশে বলা হয়েছে, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫ এর বিধি ১৮ অনুযায়ী ভোট গ্রহণের নির্ধারিত দিনের তিন সপ্তাহ আগে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা চালানো নিষিদ্ধ। অনুসন্ধান কমিটি ঘটনাস্থল পরিদর্শন ও গণমাধ্যমে প্রকাশিত সংবাদের মাধ্যমে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে।
নোটিশে আরও উল্লেখ করা হয়, এ ধরনের কার্যক্রম আচরণবিধির বিধি ১৮ এর সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে প্রতীয়মান হয়েছে। এ অবস্থায় কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না এবং নির্বাচন কমিশন সচিবালয়ে সুপারিশ পাঠানো হবে না সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
আগামী ৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় নাটোর জজ কোর্টের নিচতলায় কমিটির কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে স্বতন্ত্র এমপি প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেন, তিনি বর্তমানে বাইরে রয়েছেন এবং বিষয়টি সম্পর্কে অবগত নন। বাসায় গিয়ে এ বিষয়ে জানতে পারবেন বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/আশিক