ঝিনাইদহে চারটি সংসদীয় আসনে ২৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঝিনাইদহের চারটি আসনে মোট ২৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন করা হয়েছে। নির্বাচনী সহিংসতা রোধে জেলাজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।
জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনে মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে ছয়জনকে বৈধ প্রার্থী ঘোষণা করা হয়। তারা হলেন— মো. আসাদুজ্জামান (বিএনপি), মো. মতিয়ার রহমান (এবি পার্টি), মনিকা আলম (জাতীয় পার্টি), মো. শহিদুল এনাম পল্লব মিয়া (বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-মার্কসবাদী), মো. আসাদুজ্জামান (বাংলাদেশ খেলাফত মজলিস) এবং আবু ছালেহ মো. মতিউর রহমান (বাংলাদেশ জামায়াতে ইসলামী)।
ঝিনাইদহ-২ (হরিনাকুন্ডু–ঝিনাইদহ সদর) আসনে মোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে ছয়জনকেই বৈধ প্রার্থী ঘোষণা করা হয়। তারা হলেন— অ্যাডভোকেট এম এ আব্দুল মজিদ (বিএনপি), আলী আজম মোহাম্মদ আবু বকর (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মো. আসসাদুল ইসলাম (বাসদ), এইচ এম মমতাজুল রহমান ওরফে মমতাজুল করিম (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. আবু তোয়াব (বাংলাদেশের কমিউনিস্ট পার্টি) এবং সাওগাতুল ইসলাম (জাতীয় পার্টি)।
ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর–মহেশপুর) আসনে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন— মোহাম্মদ মেহেদী হাসান রনি (বিএনপি), অধ্যাপক মো. মতিয়ার রহমান (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মো. সুমন কবির (গণঅধিকার পরিষদ), মাওলানা সরোয়ার হোসেন (ইসলামী আন্দোলন বাংলাদেশ) এবং মুজাহিদুল ইসলাম (এবি পার্টি)।
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও ঝিনাইদহ সদর আংশিক) আসনে মোট নয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে ছয়জনকে বৈধ প্রার্থী ঘোষণা করা হয়। তারা হলেন— মো. আবু তালিব (বাংলাদেশ জামায়াতে ইসলামী), আব্দুল জলিল (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. সাইফুল ইসলাম ফিরোজ (বিএনপি স্বতন্ত্র), খনিয়া খানম (গণ ফোরাম), মো. রাশেদ খান (বিএনপি) এবং এমদাদুল ইসলাম বাচ্চু (জাতীয় পার্টি)।
বিডিপ্রতিদিন/কবিরুল