বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, আমরা ভিন্ন কোনো চিন্তা করছি না। আশা করছি, শেষ পর্যন্ত সমঝোতার ভিত্তিতেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। আমাদের সমঝোতা গড়ে উঠেছে আন্দোলনের মাঠ থেকে। আমরা আন্দোলনের মাঠ থেকে এক বাক্সে নির্বাচন করার সিদ্ধান্তে উপনীত হয়েছি।
রবিবার (৪ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জের ভূঁইগড় এলাকার একটি মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, এখানে বিষয়টা খুবই জটিল। প্রত্যেকটা আসনের বিপরীতে একজন করে প্রার্থীকে চূড়ান্ত করা জটিল প্রক্রিয়া। এরপরও অনেক দূর অগ্রসর হয়েছি। প্রতিটি দল যেন ন্যায্যতার ভিত্তিতে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পায়, এই বিষয়গুলো মাথায় রেখেই সমঝোতা হবে। আমরা কোনো জোট করছি না, এটা নির্বাচনী আসন সমঝোতা হচ্ছে।
তিনি আরও বলেন, আমরা দেশের বৃহত্তর স্বার্থে দেশপ্রেমিক এবং ইসলামি দলগুলোর ঐক্যবদ্ধ ওয়ান বক্স পলিসির ভিত্তিতে নির্বাচন করার চেষ্টা করছি। বিশেষ করে জুলাই বিপ্লবের ভিত্তিতে বাংলাদেশের রাজনীতির আমূল পরিবর্তনের আকাঙ্ক্ষাকে শ্রদ্ধা করতে চেয়েছি। সেজন্য ওয়ান বক্স পলিসির ভিত্তিতে আগামী নির্বাচনটা করতে চাচ্ছি।
লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে আশঙ্কা প্রকাশ করে মামুনুল হক বলেন, সকলেই মুখিয়ে আছে একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন করবে। সরকার এই বিষয়ে বারবার প্রত্যয়ের ঘোষণা দিচ্ছে। কিন্তু আমরা এখনো এই বিষয়টা নিয়ে পরিপূর্ণ আশ্বস্ত না যে, লেভেল প্লেয়িং ফিল্ডে নির্বাচন হবে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মামুনুর রশিদ, নারায়ণগঞ্জ-৪ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন, মহানগর সাধারণ সম্পাদক আল আমিন রাকিব ও বাংলাদেশ খেলাফত যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি ফাতীহ মুহাম্মদ সোলাইমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/কেএইচটি