ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ ও মুলাদী) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। নির্বাচনী প্রচারণার খরচ মেটাতে তিনি আর্থিক সহযোগিতা চেয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ আবেদন জানান।
ভিডিও বার্তায় ফুয়াদ বলেন, বাবুগঞ্জ ও মুলাদীর প্রত্যন্ত ও প্রান্তিক এলাকাজুড়ে নির্বাচনী প্রচারণা পরিচালনা করা ব্যয়বহুল ও চ্যালেঞ্জিং। জনসংযোগ, যাতায়াত ও প্রচার কার্যক্রম চালিয়ে নিতে সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন হয়ে পড়েছে। তিনি বলেন, ‘নির্বাচন পরিচালনার জন্য অর্থ দরকার। কিন্তু আমার সে পরিমাণ অর্থ নেই, আয়ও নেই।’
ভিডিওতে তিনি আরও বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর জুলাই সনদের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ গড়ার সংগ্রাম চলমান রয়েছে। এ সংগ্রাম শহীদদের রেখে যাওয়া আমানত উল্লেখ করে তিনি ইনসাফ ও আজাদির পথে সবাইকে একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান।
আজ সোমবার সকালে তিনি এ সংক্রান্ত আরেকটি পোস্ট দেন। সেখানে তিনি লিখেছেন, ‘প্রিয় দেশবাসী, নির্বাচনী খরচ মেটাতে আমার আপিলের প্রেক্ষিতে যারা সাহায্য করতে চাচ্ছেন, তারা অনেকেই বিকাশে টাকা পাঠাতে পারছেন না। তাই বিকল্প নম্বর দিলাম। যারা অনুদান পাঠিয়েছেন এবং পাঠাবেন, সবার প্রতি কৃতজ্ঞতা।’ ওই পোস্টে তিনি নতুন একটি বিকাশ নম্বর সংযুক্ত করেন।
বিডি প্রতিদিন/আশিক