ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত ও বৃহত্তর সুন্নী জোট সমর্থিত চট্টগ্রাম-৯ আসনের প্রার্থী এম. ওয়াহেদ মুরাদ বলেছেন, অতীতে নির্বাচন নিয়ে নানা বিতর্ক আছে। কিন্তু আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা অতীতের ঘটনা-দুর্ঘটনার কোনো পুনরাবৃত্তি চায় না। দল মত নির্বিশেষে সবার কামনা- সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটি নির্বাচন।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মুহাম্মদ ইব্রাহীম আখতারীর সভাপতিত্বে ও যুব নেতা আহমদ রেজার উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাস্টার আবুল হোসেন, সুপ্রিম পার্টির নেতা ছৈয়দ ফয়জুল আবেদীন আরমান ফরহাদাবাদী, ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার সহ সভাপতি এস এম আবদুল করিম তারেক ও অধ্যক্ষ ছৈয়দ মাওলানা আবু ছালেহ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সাধারণ সম্পাদক নাসির উদ্দীন মাহমুদ, ইসলামিক ফ্রন্ট নগর শাখার সহ সাধারণ সম্পাদক এএম মঈনউদ্দীন চৌধুরী হালিম, সংগঠক কাজী আহসানুল আলম, আনিসুর রহমান, মহসীন আরাফাত, হাবিবুর রহমান, মোহাম্মদ সোলায়মান ও আবদুল করিম সেলিম প্রমুখ।
ওয়াহেদ মুরাদ বলেন, আসন্ন সংসদ নির্বাচনে প্রতীক দেখে নয়, বরং প্রার্থীর ব্যক্তিগত যোগ্যতা বিবেচনায় নিয়ে ভোটাররা ভোট দেবেন- এমনটিই আমার আশা। কারণ দেশের এবার একটি অবাধ, সুষ্ঠু ও সর্বজন গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষায় আছে।
নির্বাচনের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, তফসিল ঘোষণার পর দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে খুন, সন্ত্রাস ও মব ভায়োলেন্সের ঘটনা ঘটেছে, যা কোনোভাবেই কাম্য নয়। তাই নির্বাচনের আগে লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারসহ চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান পরিচালনার দাবি জানাই।
তিনি বলেন, এবার জনগণ যোগ্য প্রার্থী দেখে ভোট দেবেন। আপনারা আমার আসনের প্রার্থীদের যোগ্যতা বিবেচনা করে দেখুন। আমার পারিবারিক পটভূমি, শিক্ষাগত যোগ্যতা ও সামাজিক কর্মকাণ্ড- সব মিলিয়ে ইনশাআল্লাহ আমি এগিয়ে থাকব। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করে দীর্ঘদিন সমাজসেবায় যুক্ত আছি। তাছাড়া, আমার বাবাও সংসদ সদস্য ছিলেন।
ওয়াহেদ মুরাদ বলেন, নির্বাচন সুষ্ঠু করতে কমিশনের ভূমিকা আরও জোরদার করা সময়ের দাবি। জনগণের আস্থা ফেরাতে কমিশনকে আরও দায়িত্বশীল হতে হবে। তবে এখনও পর্যন্ত আমার নির্বাচনী এলাকার পরিস্থিতি সন্তোষজনক। আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক আছে। আমি চাই, এই সুষ্ঠু পরিবেশ ভোটের দিন পর্যন্ত বজায় থাকুক।
বিডি প্রতিদিন/হিমেল