বিএনপি'র বহিস্কৃত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, সোমবার বিকেলে সরাইলের অরুয়াইলে আমার পূর্ব নির্ধারিত সভা ছিল। কিন্তু আমার প্রতিপক্ষের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন আমার নির্বাচনি মঞ্চ ভেঙে দিয়েছে। আজকে বাধ্য হয়ে আমি আপনাদের দরজায় দরজায় গিয়েছি। শেষ মেশ গাড়ির উপরে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি।
তবে কে বা কারা তার মঞ্চ ভেঙে দিয়েছে তা বক্তব্যে তিনি উল্লেখ করেননি।
তিনি সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার প্রত্যন্ত অরুয়াইল বাজারে নিজ গাড়িতে দাঁড়িয়ে স্থানীয় এলাকাবাসীর আয়োজিত পথসভায় বক্তব্যে এসব অভিযোগ করেন। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আপনারা এই অন্যায়ের সমুচিত জবাব দিবেন বলে ভোটারদের প্রতি আহ্বান জানান রুমিন।
তিনি বলেন, আমি অরুয়াইল চিত্রা নদীর উপর যে ব্রিজ আছে সেটার বিষয়ে আমি সংসদ সদস্য থাকাকালে আবেদন দেয়া হয়েছিল। এটা নিয়ে বিভিন্ন দেন দরবার হচ্ছে। ইনশাল্লাহ্ আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হই তাহলে এই সড়ক, সেতু ও কালভার্ট সব করে দেব।
তিনি বলেন, আমরা এই নতুন বাংলাদেশে আর কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেব না। আমরা নিরীহ মানুষকে টাকা দিয়ে মামলায় ঢুকিয়ে দিতে দেব না। দোকানে দোকানে চাঁদাবাজি, ধান্দাবাজি, বালু ব্যবসা করতে দেব না। ইনশাআল্লাহ আগামী সরাইল-আশুগঞ্জে আপনাদের ভোটে যদি এমপি হতে পারি সরাইল আশুগঞ্জকে নতুন চেহারা করে দেবো। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সভায় উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল