সারা দেশে বিভিন্ন তুচ্ছ ও ঠুনকো কারণ দেখিয়ে বিভিন্ন আসনে প্রার্থীদের মনোনয়ন বাতিলের অভিযোগ এনে গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। একই সঙ্গে বাতিল হওয়া মনোনয়নপত্রগুলো অবিলম্বে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে দলটি।
আজ মঙ্গলবার গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান। বিবৃতিতে তারা সারা দেশে ৩৩৮ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিলের ঘটনাকে দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেন।
নেতৃবৃন্দ জানান, গণসংহতি আন্দোলনের প্রার্থী সেন্টু আলী এবং গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ফাতেমা রহমান বীথির মনোনয়নও তুচ্ছ কারণে বাতিল করা হয়েছে। একইভাবে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম, স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা, মিজানুর রহমান এবং সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতনসহ বিভিন্ন রাজনৈতিক দলের ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হয়েছে বলে অভিযোগ করা হয়।
তারা বলেন, একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনই জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের অন্যতম প্রধান ধাপ। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য এই নির্বাচন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তাই ফ্যাসিবাদবিরোধী সব শক্তির সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।
বিবৃতিতে আরও বলা হয়, বাতিল হওয়া মনোনয়নগুলো আপিলের মাধ্যমে দ্রুত ফিরিয়ে দিয়ে প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণের অধিকার নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়।
বিডি প্রতিদিন/মুসা