হবিগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. রেজা কিবরিয়ার বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।
নোটিশ সূত্রে জানা গেছে, নবীগঞ্জ সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে গত ৪ জানুয়ারি নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সংক্রান্ত দুটি পৃথক অভিযোগ গ্রহণ করা হয়।
প্রথম অভিযোগটি করেন নবীগঞ্জের ওসমানী রোডের বাসিন্দা জিতু মিয়া সেন্টু। অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ২ জানুয়ারি সন্ধ্যা ৬টার দিকে নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ী বাজার এলাকায় বিএনপি প্রার্থী রেজা কিবরিয়া তার কর্মী-সমর্থকদের নিয়ে লিফলেট ও হ্যান্ডবিল বিতরণের মাধ্যমে নির্বাচনি প্রচারণা চালান।
দ্বিতীয় অভিযোগটি দায়ের করেন নবীগঞ্জ মধ্যবাজার এলাকার মসফিকুজ্জামান চৌধুরী নোমান। অভিযোগ অনুযায়ী, গত ৩ জানুয়ারি বিকেল ৪টার দিকে নবীগঞ্জ উপজেলার পাঞ্জারাই বাজার এলাকায় একইভাবে লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করে নির্বাচনি প্রচারণা পরিচালনা করেন রেজা কিবরিয়া।
উভয় অভিযোগের সঙ্গেই ঘটনার প্রমাণ হিসেবে দুটি করে ছবি সংযুক্ত করা হয়েছে।
এ বিষয়ে রেজা কিবরিয়াকে পাঠানো নোটিশে বলা হয়েছে, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগগুলো তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনের কাছে লিখিত সুপারিশ কেন পাঠানো হবে না, সে বিষয়ে তাকে আগামী ১৪ জানুয়ারির মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/এমই