ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠির দুইটি আসনের বিএনপির মনোনীত প্রার্থীদের সঙ্গে জেলার নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১১টায় ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে জেলা বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহবায়ক এডভোকেট মো. সৈয়দ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন। এ সময় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ও ঝালকাঠি ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম জামাল, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ঝালকাঠি ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা এলেন ভুট্টো।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন। সভায় জেলা বিএনপি, উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
সভা শেষে প্রধান অতিথি অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন ঝালকাঠির দুটি আসনের বিএনপির প্রার্থীর সাথে হাত উঁচিয়ে সমর্থন জানান। একইসঙ্গে বিএনপি প্রার্থীকে জয়ী করতে নেতাকর্মীদের আহ্বান জানান।
প্রধান অতিথি বিলকিস জাহান শিরিন বলেন, খালেদা জিয়া মনোনয়ন দিয়েছেন এতে বিএনপির প্রার্থীদের প্রাথমিক বিজয় হয়েছে। যারা মনোনয়ন পেয়েছেন আপনারা সকল কর্মীদের মূল্যায়ন করবেন। দলীয় প্রার্থীদের বিজয়ী করতে দলের মধ্যে বিভাজন ভুলে যেতে হবে। বিএনপি ঐক্যবদ্ধ না হলে এর ফলাফল নেতিবাচক হবে। প্রতিপক্ষকে কোন ধরনের সুযোগ দেওয়া যাবে না। কমিটি নিয়ে বিভক্তি শেষ করতে হবে। বিগত দিনে দলের জন্য যারা মার খেয়েছে রক্ত ঝড়িয়েছে তাদের মূল্যায়ন করতে হবে।
বিডি-প্রতিদিন/আশফাক