নির্বাচন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত সিনিয়র নেতৃবৃন্দ এবং ছাত্র ও মহিলা প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে বিএনপির প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
বৃহস্পতিবার হালুয়াঘাট উপজেলার বিলডোরা, শাকুয়াই, আমতইল ও ধারা ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্রভিত্তিক নির্বাচন পরিচালনার দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে পৃথক মতবিনিময় সভা করেন বিএনপির এই প্রার্থী।
সভায় বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, প্রতিটি ভোটকেন্দ্র আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্বপ্রাপ্তদের সততা, নিষ্ঠা ও সাংগঠনিক শৃঙ্খলার ওপরই নির্বাচনী সাফল্য অনেকাংশে নির্ভর করে।
প্রিন্স আরও বলেন, নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। আইন ও নিয়মের বাইরে গিয়ে কোনো কর্মকাণ্ড দল বা প্রার্থীর জন্য সুফল বয়ে আনে না। বরং শৃঙ্খলাপূর্ণ ও শান্তিপূর্ণ আচরণই জনগণের আস্থা অর্জনের প্রধান শর্ত।
তিনি ভোটারদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ, কেন্দ্রভিত্তিক তথ্য নিয়মিত সংরক্ষণ, ভোটের দিন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং যেকোনো অনিয়ম হলে তাৎক্ষণিকভাবে দায়িত্বশীল পর্যায়ে অবহিত করার নির্দেশনা দেন।
এসব সভায় হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরফান আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত