নারায়ণগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচার এবং ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অতিরিক্ত দায়িত্ব) কাজী মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। এ নির্বাচনের মাধ্যমে জনগণ নতুন সংবিধানের সুফল পাবে। তিনি বলেন, ভোট দেওয়া নাগরিকের অধিকার ও দায়িত্ব। সংবিধান এই অধিকার নিশ্চিত করেছে এবং তা কেউ হরণ করতে পারে না।
তিনি আরও বলেন, সচেতন নাগরিক হিসেবে উপযুক্ত প্রতিনিধি নির্বাচন করা প্রত্যেক ভোটারের দায়িত্ব। এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে তার দায়ও নাগরিককেই বহন করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, আগামী ১২ ফেব্রুয়ারি একটি সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে।
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলমগীর হুসাইন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসাদুজ্জামান নূর, সাদিয়া আক্তার, দেবযানী করসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
বিডিপ্রতিদিন/কবিরুল