বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এবং নোয়াখালী-১ আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, ‘দেশ, গণতন্ত্র ও মানুষের অধিকারের জন্য বেগম খালেদা জিয়ার আত্মত্যাগ ও সংগ্রাম তাকে একটি প্রতিষ্ঠানে পরিণত করেছে।’
শুক্রবার দুপুরে নোয়াখালীর চাটখিল উপজেলায় মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মৌসুমী জারিন সনিয়া ও তাঁর পরিবারের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার বিশাল অবদান ও নেতৃত্বের কারণে তার জানাজায় বিএনপির বাইরেও দলমত নির্বিশেষে কোটি কোটি মানুষ অংশগ্রহণ করে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। সাধারণত মরদেহ সামনে রেখে জানাজা আদায় করা হলেও তাঁর জানাজায় চারদিক থেকে মানুষের ঢল নামে এবং পুরো ঢাকা শহর যেন ‘‘জানাজা শহরে’’ রূপ নেয়।’
খোকন আরও বলেন, গণতান্ত্রিক আন্দোলনের জন্য বিশ্ব যেমন নেলসন ম্যান্ডেলাকে স্মরণ করে, তেমনি ইতিহাস বেগম খালেদা জিয়াকেও স্মরণ করবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ, চাটখিল পৌর বিএনপির আহ্বায়ক মোস্তফা কামাল, সদস্য সচিব আহসানুল হক মাসুদ (ভিপি), বিএনপি নেতা দেওয়ান সামছুল আরেফীন শামীমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পরে ব্যারিস্টার খোকন বেলুন উড়িয়ে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন এবং ক্যাম্প পরিদর্শন করেন। দিনব্যাপী এ ক্যাম্পে ছয়জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের সেবা দেন এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
বিডি-প্রতিদিন/আশফাক