বগুড়া-১ (সোনাতলা–সারিয়াকান্দি) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ কাজী রফিকুল ইসলামের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। তার মনোনয়ন বাতিল চেয়ে করা রিট আবেদন খারিজ করে দেওয়ায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আর কোনো আইনগত বাধা নেই।
রবিবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ শুনানি শেষে রিটটি খারিজ করেন। এর আগে তার প্রার্থিতা বাতিলের দাবিতে আদালতে আবেদন করা হয়েছিল।
রায়ের পর এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে। দলের নেতাকর্মীদের দাবি, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাজী রফিকুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছিল। আদালতের রায়ে সেই অপপ্রচারের অবসান ঘটেছে বলে তারা মনে করছেন।
সোনাতলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন বলেন, কাজী রফিকুল ইসলাম বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা। রাজনীতির পাশাপাশি তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে ঋণখেলাপির যে অভিযোগ তোলা হয়েছিল, তা সত্য নয়। উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু মহল ভুল তথ্য প্রচার করেছে।
প্রসঙ্গত, গত বছরের ৩ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে মনোনয়ন পান সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম।
এ বিষয়ে প্রতিক্রিয়ায় কাজী রফিকুল ইসলাম বলেন, সত্য কখনো চাপা থাকে না। সত্যের জয় সব সময় হয়। তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সারিয়াকান্দি ও সোনাতলার মানুষের অধিকার ছিনিয়ে নিতে বারবার চক্রান্ত করা হলেও তা সফল হয়নি। ভবিষ্যতেও হবে না। তিনি এলাকাবাসীকে ধৈর্য ধারণের আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/সুজন