ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দ্বিতীয় দিনের আপিল শুনানি শেষ হয়েছে। দুই দিনে ১৪০টি আপিলের ওপর শুনানি হয়েছে। এরমধ্যে বৈধ ঘোষণা করা হয়েছে ১০৯টি। আর বাতিল করা হয়েছে ২২টি। এছাড়া, ৯টি স্থগিত করা হয়েছে।
রবিবার নির্বাচন কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।
ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে দ্বিতীয় দিনের আপিল শুনানি হয়। আজ তালিকার ৭১ থেকে ১৪০ নম্বর পর্যন্ত আবেদনগুলোর শুনানি হয়।
এর আগে, গতকাল শনিবার আপিল শুনানির প্রথম দিনে ১ থেকে ৭০ নম্বর আবেদনের শুনানি সম্পন্ন করা হয়। প্রথম দিনের সিদ্ধান্ত অনুযায়ী, মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল মঞ্জুর করা হয় ৫১টি।
ইসির নির্ধারিত সূচি অনুযায়ী, আগামীকাল সোমবার ১৪১ থেকে ২১০ নম্বর এবং মঙ্গলবার ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই শুনানি চলবে।
তফসিল অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেবেন রিটার্নিং কর্মকর্তারা।
এরপর ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়ে চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/কেএ