নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থীতা ফিরে পেলেন পহেল চাকমা। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রাঙামাটি-২৯৯ নং আসনের স্বতন্ত্র প্রার্থী।
রবিবার (১১ জানুয়ারি) বিকালে রাঙামাটি জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা নাজমা আশরাফী তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এ আগে গত ২ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই বাচাই করে সমর্থক ফরমে ৭৯টি স্বাক্ষর কম থাকার কারণে স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমার মনোনয়নপত্র বাতিল করা হয়। কিন্তু আপিল করার পর তার প্রার্থীতা ফিরে পেয়েছেন।
বর্তমানে উক্ত আসনে স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাসহ বৈধ হিসেবে গণ্য হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মো. জসিম উদ্দিন, বিপ্লবী ওয়ার্কস পার্টির মনোনীত প্রার্থী জুঁই চাকমা, জাতীয় পার্টির প্রার্থী অশোক তালুকদার, খেলাফত মজলিসের প্রার্থী আবু বক্কর সিদ্দিক ও গণঅধিকার পরিষদের আবুল বাশার বাদশা’র মনোনয়নপত্র।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা বলেন, মনোনয়নপত্র বাতিলের পর আমি আপিল করি। আপিলে আমার পক্ষে রায় হয়েছে। যার কারণে আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাকি সাতজনের মতো আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিতে পারবো।
রাঙামাটি জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা নাজমা আশরাফীর বলেন, আটজন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে সাত প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং সে সময় এক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। কিন্তু তিনি আপিল করে তার প্রার্থীতা ফিরে পিয়েছেন।
বিডি-প্রতিদিন/জামশেদ