খাগড়াছড়িতে জাতীয় সংসদদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের প্রার্থী ওয়াদুদ ভূইয়া পুরোদমে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। শুক্রবার দুপুর থেকে তিনি মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও বাজার এলাকায় ধারাবাহিক পথসভা করেন।
ঢাকাইয়া পাড়া মোড়, খেদাছড়া, বেলছড়ি, অযোধ্যা মোড়, গোমতি ইউনিয়ন, শান্তিপুর বাজার, করল্যাছড়ি উপাশিং পাড়া, আমতলী, রামশিরা আব্বাস সর্দার পাড়া, করিম মাস্টারপাড়া, বড়নাল, যামিনীপাড়া, তবলছড়ি ও তাইন্দংসহ মাটিরাঙ্গার বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
পথসভায় ওয়াদুদ ভূইয়া বলেন, ‘আমি আপনাদের অপরিচিত কেউ নই। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি। অতীতেও আমি এই এলাকার উন্নয়নে কাজ করেছি। আমাকে চিনতে আপনাদের এক মিনিটই যথেষ্ট।’
তিনি আরও বলেন, ‘আপনারা যদি আমাকে যোগ্য মনে করেন, তাহলে আগামী ১২ তারিখ ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন।’
পাহাড়ি এলাকায় চলমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, কিছু সংগঠন অস্ত্রের ভয় দেখিয়ে পাহাড়িদের তাদের পছন্দের প্রার্থীর পক্ষে ভোট দিতে বাধ্য করছে। একই সঙ্গে তিনি ধর্মের নামে রাজনীতি ও ব্যবসা করা গোষ্ঠী থেকে দূরে থাকার আহ্বান জানান।
ওয়াদুদ ভূইয়া বলেন, প্রলোভন দেখিয়ে বা ভয় দেখিয়ে ভোট আদায়ের চেষ্টা যারা করছে, তাদের ভোট দিলে ভোটাধিকার ক্ষুণ্ন হবে। এ ধরনের গোষ্ঠী কখনোই খাগড়াছড়ির উন্নয়ন করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
নির্বাচনী প্রচারণায় মাটিরাঙ্গা উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বিডি-প্রতিদিন/আশফাক