আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর-৩ (সদর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সামসুজ্জামান সামু ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন। এতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। বিভিন্ন নির্বাচনী সভা ও গণসংযোগ কর্মসূচিতে ধানের শীষের পক্ষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।
শনিবার রংপুর মহানগরীর ২১ নম্বর ওয়ার্ডের সেনপাড়া এরশাদ মোড় এলাকায় একটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। বিকেল থেকেই সভাস্থলে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের জমায়েত হয়।
সভায় বক্তব্য রাখেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী ও রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু। বক্তৃতায় তিনি জনগণের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
সভায় এরশাদ মোড় ব্যবসায়ী সমিতির সভাপতি আজগর আলীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু, স্পেন প্রবাসী মনোয়ার হোসেন মনু, স্পেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম জাকির, মহানগর বিএনপির সদস্য আব্দুস সালাম ও আবেদ আলী, জেলা বিএনপির সদস্য মাসুক জালাল রাহাত, জেলা যুবদলের সহ-সভাপতি ফারুক আহমেদ, মহানগর কৃষক দলের আহ্বায়ক ও কৃষক দল কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ লাবু এবং ২১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শরীফ লাবলু লেবু প্রমুখ।
বিডি প্রতিদিন/মুসা