ঢাকা-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষের প্রার্থী আমানউল্লাহ আমান বলেছেন, ধানের শীষ শুধু একটি ভোটের চিহ্ন নয়, এটি গণতন্ত্রের প্রতীক। দেশের জনগণকে তাদের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে হলে আসন্ন নির্বাচনে এই প্রতীকে ভোট দেওয়া জরুরি।
আজ শনিবার (৩১ জানুয়ারি) বিকালে কেরানীগঞ্জের মডেল থানার রোহিতপুর ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
এসময় আমানউল্লাহ আমান আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনার আমলে দেশে গণতন্ত্র ও মানুষের কণ্ঠরোধের অবস্থা দিন দিন ভয়াবহ হচ্ছিলো। দীর্ঘ ১৭ বছর দিনের ভোট রাতে হয়েছে। বিএনপি জনগণের দল, এই দলই পারে আবার দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে। ধানের শীষ মানুষের আশা ও স্বাধিকার ফিরিয়ে আনার প্রতীক। এই প্রতীকে ভোট মানে গণতন্ত্রের পক্ষে অবস্থান নেওয়া।
তিনি আরও বলেন, বিএনপি যখন ক্ষমতায় থাকে, তখন দেশে গণতন্ত্রের পূর্ণ চর্চা হয়। বিএনপি অন্যের বাকস্বাধীনতা কেড়ে নেয় না এবং কোনো দুর্নীতি করে না। তাই দেশের স্বার্থে আগামী নির্বাচনে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধারের এই লড়াই শুধু বিএনপির নয়, এটি জনগণের আন্দোলন।
গণসংযোগকালে তিনি ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং এলাকায় চলমান সমস্যা ও সম্ভাবনার বিষয়ে মতবিনিময় করেন। স্থানীয়রা স্বতঃস্ফূর্তভাবে তার প্রতি সমর্থন জানান। গণসংযোগে কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির নেতৃবৃন্দ, ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী ও বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল