বরিশাল নগরীতে ব্যতিক্রমধর্মী নির্বাচনী প্রচারণা চালিয়েছে বিএনপির নেতাকর্মীরা। শনিবার সকাল ১১টার দিকে বরিশাল মহানগর বিএনপির এক নম্বর যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনের উদ্যোগে বিতরণ করা লিফলেটে ধানের শীষ প্রতীকে ভোট চাওয়া হলেও কোনো প্রার্থীর নাম বা ছবি ছিল না। এ নিয়ে নগরীতে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।
নগরীর সদর রোডের বাসিন্দা মো. মিলন বলেন, ‘বিএনপি নেত্রী নাসরিন লিফলেট বিতরণ করে ধানের শীষে ভোট চেয়েছেন। কিন্তু এতে আসনভিত্তিক বিএনপি প্রার্থী মজিবর রহমান সরোয়ারের নাম ও ছবি নেই। এটা কি ধরনের প্রচারণা?’
এ বিষয়ে আফরোজা খানম নাসরিন বলেন, 'আমাকে তো কেউ ডাকেনি। আমি বিএনপির রাজনীতি করি। দলের চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন যে, এখানে প্রার্থী নয়, ধানের শীষে ভোট দিতে। তাই আমি ধানের শীষে ভোট চেয়ে নিজ উদ্যোগে প্রচারণা করেছি। শুধু লিফলেট নয়, উঠান বৈঠকসহ বিভিন্ন কর্মসূচিও পালন করা হবে।’
নির্বাচনী প্রচারণার এই ধরণের পদক্ষেপ দলীয় দ্বন্দ্বের ইঙ্গিত দিচ্ছে কি না জানতে চাইলে নাসরিন বলেন, ‘অবশ্যই দ্বন্দ্ব আছে। আমি মজলুমদের পক্ষে। আমি আমার মতো রাজনীতি করি।’
বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার বলেন, ‘আমাদের জানা নেই তিনি কোন রাজনৈতিক কর্মকাণ্ড করেছেন কি না। যদি করে থাকেন, এর দায়ভার তার নিজস্ব। মহানগর বিএনপি কোনো দায়ভার নেবে না।’
বিডি প্রতিদিন/মুসা