পূর্বের নির্বাচন ও এবারের নির্বাচনের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো—এবার একটি দল রাজনীতিতে ধর্মকে ব্যবহার করে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। তারা গ্রামের সহজ-সরল মা-বোনদের কাছে ভোটের নামে জান্নাত বিক্রির চেষ্টা করছে। যারা সত্যিকার অর্থে ধর্ম ভালোবাসে এবং ধর্মীয় বিধিনিষেধ মেনে চলে, তারা কখনোই ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে না।
কুমিল্লা-৩ আসনের ধানের শীষের প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ-এর ছোট ভাই এবং কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাজী শাহ আরেফীন এসব কথা বলেছেন।
শনিবার (৩১ জানুয়ারি) বিকালে মুরাদনগরের চাপিতলার শ্রীরামপুর ওয়ার্ড বিএনপির নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাজী শাহ আরেফীন বলেন, গত ৪১ বছর ধরে মুরাদনগরের মানুষের সেবা করার কারণে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ-এর বিরুদ্ধে আওয়ামী লীগ ষড়যন্ত্র করেছে। মিথ্যা মামলা দিয়ে তাকে দেশত্যাগে বাধ্য করা হয়েছে। তাকে ভালোবাসার অপরাধে নেতাকর্মীদের বিরুদ্ধেও মিথ্যা মামলা দিয়ে জুলুম-নির্যাতন চালানো হয়েছে। এখনো একটি পক্ষ অপপ্রচার ও মিথ্যা মামলার মাধ্যমে জনগণের ভোট ছাড়া ক্ষমতায় যাওয়ার অপচেষ্টা চালাচ্ছে।
তিনি বলেন, এবার সময় এসেছে—আগামী ১২ তারিখ ধানের শীষ প্রতীকে আগের চেয়ে বেশি ভোট দিয়ে আপনাদের খাদেমকে বিজয়ী করে সকল অপপ্রচার ও ষড়যন্ত্রের জবাব দেওয়ার।
ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম জিলানীর সভাপতিত্বে এবং রবিউল আউয়াল টিপুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দীন, জাপান বিএনপির সহ-সম্পাদক সাজ্জাদ হোসাইন সজিব, বাহরাইন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাইদুল হক ভূইয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল আহসান এবং বিএনপি নেতা আনিছ খান। এছাড়াও বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল