চট্টগ্রামে জমে উঠেছে নির্বাচনি প্রচার-প্রচারণা। বিভিন্ন আসনের প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে তাদের কথা শুনছেন, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। শনিবার চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নে গণসংযোগ করেন বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী।
তিনি বলেন, শিল্প আর কৃষির সম্মিলনে সীতাকুণ্ড সমৃদ্ধ জনপদ। এখানে প্রয়োজন পৃষ্ঠপোষকতা। এ অঞ্চলের উন্নয়ন সমৃদ্ধির যে পরিকল্পনা আমার রয়েছে, সামনের দিনে সুযোগ পেলে ইনশাআল্লাহ আধুনিক কর্মমুখর স্বয়ংসম্পূর্ণ সীতাকুণ্ড গড়া কঠিন কিছু নয়। এসময় ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক হাজী আবু তাহের, সদস্য সচিব অ্যাডভোকেট আইনুল কামাল, ইউনিয়ন বিএনপি সভাপতি কাজী এনামুল বারীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম-১০ আসনের ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে গণসংযোগ করেন জামায়াতের প্রার্থী শামসুজ্জামান হেলালী। তিনি বলেন, চাঁদাবাজি ও দখলদারিত্বের রাজনীতিকে চট্টগ্রাম-১০ আসনের জনগণ আর মেনে নেবে না। জনগণ এখন পরিবর্তন চায়, সৎ ও জনবান্ধব রাজনীতি চায়। এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হলে চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
চট্টগ্রাম-১০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাঈদ আল নোমানের সমর্থনে গণসংযোগ ও পথসভা করেছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। তিনি বলেন, একটি দল ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করছে। ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে এমন প্রচার ইসলাম ধর্মের সঙ্গে সাংঘর্ষিক। তিনি ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডের হাজী ক্যাম্প, আবদুল গনি রোড, মধ্যম সরাইপাড়া, হাজী আশরাফ আলী রোড, হাফেজ কমিশনার রোডের বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগ করেন।
চট্টগ্রাম-৯ আসনের পূর্ব বাকলিয়া ওয়ার্ডে উঠান বৈঠক করেছে জামায়াতের প্রার্থী ডা. এ কে এম ফজলুল হক। তিনি বলেন, ইনসাফভিত্তিক ও শোষণমুক্ত নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে জনগণ এবার ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে রায় দেবে। চট্টগ্রামকে একটি আধুনিক, বাসযোগ্য ও বিশ্বমানের নগরীতে রূপান্তর করতে তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা অপরিহার্য।
চট্টগ্রাম-১০ আসনে বিএনপির প্রার্থী সাঈদ আল নোমান বলেন, তরুণরাই আগামী দিনে নেতৃত্ব দেবে। তাদের মেধা, উদ্ভাবনী শক্তি ও দেশপ্রেমকে কাজে লাগাতে পারলেই চট্টগ্রাম হবে পরিকল্পিত, পরিচ্ছন্ন ও উন্নত একটি শহর। আমি রাজনীতি করছি শুধু ক্ষমতার জন্য নয়, আগামীর প্রজন্মের জন্য একটি সুন্দর চট্টগ্রাম গড়ার লক্ষ্যে।
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বিএনপির প্রার্থী এনামুল হক এনাম বলেছেন, পটিয়ায় কোনো সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী কিংবা কিশোর গ্যাংয়ের জায়গা হবে না। পটিয়াকে শান্তি, শৃঙ্খলা ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলা হবে। শনিবার জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন, গৈড়লারটেক, নিমতল, আমজুর হাট ও এবাদতখানাসহ বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও একাধিক পথসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
বিডি-প্রতিদিন/এমই