ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান বলেছেন, একটি ষড়যন্ত্র চলছে যাতে নির্বাচন না হয়, সুষ্ঠু না হয় এবং ভোটার উপস্থিতি কম থাকে। বিএনপির চেয়ারপারসন তারেক রহমান এ বিষয়ে আগেই সতর্ক করেছেন।
তিনি বলেন, আমরা কোনো ষড়যন্ত্রে পা দিতে চাই না। দীর্ঘ ১৫ বছর পর একটি নিরপেক্ষ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হতে যাচ্ছে। এ নির্বাচনে অংশ নিতে জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ রয়েছে। ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দিলে এই ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শনিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন চত্বরে উপজেলা যুবদল ও পৌর যুবদলের আয়োজনে অনুষ্ঠিত যুবসমাবেশ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এর আগে প্রধান অতিথির বক্তব্যে মুশফিকুর রহমান নেতাকর্মীদের সতর্ক করে বলেন, গুণগত পরিবর্তন আনতে না পারলে দলের অবস্থা আওয়ামী লীগের চেয়েও খারাপ হতে পারে। তিনি ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জেলা সেক্রেটারি মাওলানা কাজী ইয়াকুব আলী, ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সাবেক সভাপতি শামীম মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি মো. তাজুল ইসলাম, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মির্জা মারুফ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি নাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আসসাদিক ভূইয়া গালিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবদল নেতা মোবাশ্বির আহসান ও মামুন আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সাবেক সদস্য নাসিরউদ্দিন হাজারি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন, সহসভাপতি বাহার মিয়া, আবুল ফারুক বকুল, ইয়ার হোসেন শামীম, বিএনপি নেতা দেলোয়ার হোসেন, সোহাগ খান, মো. মন্তাজ মিয়া, জিয়াউল হাসান সানি, পৌর যুবদলের আহ্বায়ক নূর আহমেদ জাবেদ, যুবদল নেতা ফোরকান ভূইয়া, জাহাঙ্গীর আলম, মাহবুব খান, সানি ভূইয়া ও ভূইয়া মাসুদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিডিপ্রতিদিন/কবিরুল