ঢাকা-২ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রার্থী আমানউল্লাহ আমান বলেছেন, স্বাধীনতাবিরোধী শক্তিকে জনগণ ভোটের মাধ্যমেই রুখে দেবে। দেশের মানুষ এখন আর কোনো প্রহসনের নির্বাচন চায় না। তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে গণতন্ত্র পুনরুদ্ধার করতে প্রস্তুত।
সোমবার বিকেলে কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় নির্বাচনী গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।
আমানউল্লাহ আমান বলেন, জনগণের ভোটের শক্তিই সবচেয়ে বড় শক্তি। এই শক্তির মাধ্যমেই স্বাধীনতাবিরোধী ও গণতন্ত্রবিরোধী অপশক্তির রাজনৈতিক পরিণতি নিশ্চিত করা হবে। দেশের মানুষ দীর্ঘদিন ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত। তারা এখন পরিবর্তন চায়। একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রকৃত প্রতিনিধিকে নির্বাচিত করবে এবং স্বাধীনতার চেতনার বিরুদ্ধে অবস্থান নেওয়া শক্তিকে প্রত্যাখ্যান করবে।
তিনি আরও বলেন, দেশে একটি রাজনৈতিক দল ধর্মের নামে রাজনীতির ব্যাবসা করে জান্নাতের টিকিট বিক্রি করে ভোটের বৈতরণি পার হতে চায়। তাদের দ্বারা নারীরা নির্যাতিত হচ্ছে। ভোটের মাধ্যমেই নারীরা এসব শক্তিকে জবাব দেবে। তারা চায় এ দেশের নারীরা ঘরবন্দি হয়ে থাকুক, দেশের অর্ধেক জনসমষ্টি অন্ধকারে থাকুক, যাতে নারীর অগ্রগতি না হয়।
আমানউল্লাহ আমান বলেন, দেশের অগ্রগতি নিশ্চিত করতে হলে বাংলাদেশের মোট জনসমষ্টির অর্ধেক নারী ও অর্ধেক পুরুষের সবার উন্নতি নিশ্চিত করতে হবে। নারীদের সামাজিক ও রাষ্ট্রীয় নিরাপত্তা, পারিবারিক মর্যাদা ও অধিকার নিশ্চিত করা না গেলে দেশ এগোবে না।
এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সুজন