প্রচারণার প্রথম দিন থেকেই ব্যাপক গণসংযোগ করে যাচ্ছেন ঢাকা-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নবীউল্লাহ নবী। সেই ধারাবাহিকতায় সোমবার যাত্রাবাড়ী থানার ৫০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন অলিগলি চষে বেড়ান তিনি। মতবিনিময় করেন সাধারণ মানুষের সাথে। বিকালে নবীনগর যুবসংঘ আয়োজিত এক নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির এই প্রার্থী।
এ সময় নবীউল্লাহ নবী বলেন, বাংলাদেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়। ১৫ বছর নাগরিকদের ভোটাধিকার থেকে বঞ্চিত রাখা হয়। ১৮ থেকে ৩০ বছর বয়সী একটি পুরো প্রজন্ম আছে, যারা কখনো সত্যিকার অর্থে ভোট দেওয়ার অভিজ্ঞতা পায়নি। স্বাভাবিকভাবেই তাদের মধ্যে সেই অধিকার প্রয়োগের প্রবল আকাঙ্ক্ষা রয়েছে।’
তিনি বলেন, দেশকে পুনর্গঠন করতে হলে, দেশকে গড়ে তুলতে হলে নারী-পুরুষ সকলকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
বিএনপি শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা ও বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বলেও তিনি মতবিনিময় সভায় জানান।
এর আগে এদিন গণসংযোগকালে নবীউল্লাহ নবী বিভিন্নস্তরের মানুষের সাথে কুশল বিনিময় করেন। স্থানীয় নাগরিকরা তাদের এলাকাভিত্তিক নানা অসুবিধার কথা তুলে ধরেন। নবীউল্লাহ নবী অত্যন্ত ধৈর্যের সাথে সাধারণ মানুষের সমস্যার কথা শোনেন এবং সমাধানের প্রতিশ্রুতি দেন।
বিডি প্রতিদিন/জুনাইদ