বাগেরহাট–৩ (রামপাল–মোংলা) আসনে বিএনপির প্রার্থী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, জামায়াত নারীর হাতে রাষ্ট্রক্ষমতা দেখতে চায় না। তারা নারীদের ঘরবন্দি করে কর্মসংস্থান বন্ধ করতে চায়। অথচ দেশের জনসংখ্যার প্রায় ৫২ শতাংশ নারী, আর তাদের ক্ষমতায়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়।
সোমবার বিকেলে রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের বড় সন্নাসী স্কুল অ্যান্ড কলেজ মাঠে ধানের শীষের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, নারীদের উন্নয়ন প্রক্রিয়া থেকে বাদ দিলে দেশ থমকে দাঁড়াবে এবং পিছিয়ে পড়বে। বিএনপি নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে এবং পুরুষের সমান কর্মসংস্থান নিশ্চিত করতে চায়। দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, সংখ্যালঘুদের ভয় দেখিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়ার রাজনীতি বন্ধ করতে হবে। জনগণের শক্তিই বিএনপির মূল শক্তি। এই শক্তিকে সঙ্গে নিয়েই সব ষড়যন্ত্র ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। নির্বাচনের দিন বিএনপির নেতাকর্মীদের সঙ্গে থেকে মৌলবাদী অপশক্তির বিরুদ্ধে ভোটারদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
মল্লিকেরবেড় ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সাজাহারুল ইসলাম সাজুর সভাপতিত্বে ও হাওলাদার জাহিদুল ইসলামের সঞ্চালনায় জনসভায় বক্তব্য দেন বাগেরহাট–১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ মুজিবর রহমান, জেলা বিএনপির সদস্যসচিব মোজাফফর রহমান আলম, উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু, রামপাল উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব কাজী জাহিদুল ইসলামসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।
মল্লিকেরবেড় ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
বিডি-প্রতিদিন/সুজন