নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে গণসংযোগ ও পথসভা করেছেন বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
সোমবার সকাল থেকে দিনব্যাপী তিনি রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও পথসভা করেন। এ সময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানান।
গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, বিএনপি নেতা নুরুজ্জামান খান, অ্যাডভোকেট গুলজার হোসেন, পাপ্পুসহ উপজেলা ও স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
পথসভায় বক্তব্যে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, আমি যদি নির্বাচনে জয়লাভ করি, তাহলে রূপগঞ্জকে একটি স্বপ্নের রূপগঞ্জ হিসেবে গড়ে তুলবো। যেখানে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও দুর্নীতির কোনো স্থান থাকবে না। সবাই সরকারি হাসপাতালে উন্নত চিকিৎসাসেবা পাবে, আর সন্তানরা স্কুলে গেলে বাবা-মায়েরা নিশ্চিন্তে থাকতে পারবেন।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমানের নেতৃত্বে দেশে দখল হয়ে যাওয়া সকল খাল উদ্ধার করা হবে। বিগত সরকার পরিকল্পিতভাবে যুবসমাজকে মাদকের দিকে ঠেলে দিয়ে গণতন্ত্র ধ্বংসের অপচেষ্টা চালিয়েছে। মাদকের নীল দংশনে আজ আমাদের যুবসমাজ বিপন্ন। আমরা আমাদের প্রিয় মাতৃভূমিতে কোনো মাদকাসক্ত কিংবা মাদক ব্যবসায়ীকে ছাড় দেব না।
বিডি-প্রতিদিন/মাইনুল