সিরাজগঞ্জ-৫ (বেলকুচি–চৌহালী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত পাঠদান এবং সরকারি হাসপাতালে বিনা খরচে চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে। পাশাপাশি প্রথম বছরেই তারেক রহমানের নেতৃত্বে দেড় কোটি বেকার যুবককে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
সোমবার বিকেলে চৌহালী উপজেলার উমারপুর ইউনিয়নের শৈলজানা বাজারে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের মানুষের সম্মান ও কর্মসংস্থানের লক্ষ্যে বিদেশে শ্রমবাজার সৃষ্টির উদ্যোগ নিয়েছিলেন। ভিক্ষার জাতি নয়, মাথা উঁচু করে বাঁচার জাতি হিসেবে বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরাই ছিল তাঁর লক্ষ্য। তারেক রহমানও সেই পথ অনুসরণ করবেন।
আমিরুল ইসলাম খান আলীম বলেন, ধানের শীষে ভোট দিলে কৃষকেরা কৃষি কার্ড পাবেন, যার মাধ্যমে আধুনিক কৃষিযন্ত্র ও সার-বীজ সহজে পাওয়া যাবে। এতে কৃষিতে বড় পরিবর্তন আসবে। পাশাপাশি ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীরা মাসে ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকা ভাতা পাবেন। মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের রাষ্ট্রীয়ভাবে বেতন ও সম্মানী দেওয়া হবে বলেও তিনি জানান। অন্যান্য ধর্মাবলম্বীদের জন্যও সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।
পথসভায় বিএনপির নেতাকর্মী ছাড়াও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল