ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৩ আসনের হাইমচর উপজেলার উত্তর আলগী ইউনিয়নে গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করেছেন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক।
রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এসব কর্মসূচিতে স্থানীয় মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
গণসংযোগ ও পথসভায় বক্তব্যে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, নির্বাচন এলেই ধর্মকে বিকৃতভাবে উপস্থাপন করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়। বিশেষ করে গ্রামের নারীদের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে এ ধরনের অপচেষ্টা চালানো হয়। তিনি বলেন, ধর্মীয় শিক্ষা গ্রহণের জন্য মক্তব ও মাদ্রাসা রয়েছে, নারীদের জন্যও আলাদা ব্যবস্থাপনা আছে। নির্বাচনকেন্দ্রিক ভিন্ন উদ্দেশ্যে ধর্মের অপব্যবহার বন্ধ হওয়া উচিত।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে এই এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসের কোনো জায়গা থাকবে না। ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিসকে কেন্দ্র করে যে দুর্নীতি হচ্ছে, তা নিচ থেকেই বন্ধ করতে হবে। জনগণ যদি সরকারি ফি ছাড়া কোনো অতিরিক্ত অর্থ না দেয়, তাহলে দুর্নীতি বন্ধ করা সম্ভব হবে। তিনি চাঁদপুর-৩ আসনকে দুর্নীতিমুক্ত করার আহ্বান জানান।
উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, নির্বাচিত হলে এলাকায় বৈষম্য থাকবে না, সবাই সমানভাবে উন্নয়নের সুফল পাবে। তিনি হাইমচরে একটি ইপিজেড স্থাপনের পরিকল্পনার কথাও জানান, যাতে স্থানীয় শিক্ষিত তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।
গণসংযোগ কর্মসূচি শুরু হয় উত্তর আলগী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড গাজীর বাজার থেকে। পরে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে একাধিক পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে জেলা ও উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন। এ সময় জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী, জেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কোহিনূর বেগম, হাইমচর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ লিটনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
গণসংযোগ ও পথসভায় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীসহ স্থানীয় বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
বিডি-প্রতিদিন/সুজন