আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংবাদ সম্মেলন করেছেন ফরিদপুর-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। শুক্রবার সকাল ১০টার দিকে সদরপুর উপজেলা সদরের বাসায় সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন। উপস্থিত সাংবাদিকদের নিকট অভিযোগ করে তিনি বলেন, ফরিদপুর-৪ আসনের সাবেক এমপি নিক্সন চৌধুরীর (মজিবুর রহমান চৌধুরী) সহযোগিতায় প্রচারণা ও কালোটাকা ছড়াচ্ছেন এ আসনের ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ।
তার অভিযোগ, আমাদের কাছে তথ্য রয়েছে মুজাহিদ বেগ এবং তার সমর্থকরা প্রকাশ্যে নিক্সন চৌধুরীর সহযোগিতায় রাতের অন্ধকারে গাড়িবহর নিয়ে লুটের কালোটাকা এলাকায় ছড়াচ্ছে। প্রতিদিন শত শত মানুষকে ফোন করে ভয়ভীতি দেখানো হচ্ছে। ভোটারদের প্রলোভন দেওয়া হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে নারীদের টাকা দিয়ে ভোট চাওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, স্বতন্ত্র প্রার্থীর ভাই পান্নু বেগ চরভদ্রাসন উপজেলায় আমার কর্মী ও সমর্থকদের প্রাণনাশের হুমকি দিচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান, সদস্যসচিব তরিকুল ইসলাম কবির মোল্লা প্রমুখ।
বিডি প্রতিদিন/কেএইচটি