চাঁদপুরে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমের ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর আয়োজনে দ্বিতীয় দিনের প্রশিক্ষণ শুরু হয়। পরে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল সিদ্দিক।
এর আগে বৃহস্পতিবার প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী এবং সাধারণ সম্পাদক এম এ লতিফের সঞ্চালনায় প্রশিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য দেন দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমন্বয়কারী পিআইবির গবেষক মোহাম্মদ সিদ্দিক ফারুক।
দ্বিতীয় দিনে গণমাধ্যমকর্মীদের দায়িত্ব ও কর্তব্য, নীতিমালা-২০২৫, নির্বাচনী রিপোর্টিংয়ের ধরন ও প্রকরণ, নির্বাচনকালীন শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা, ভুয়া তথ্য, অপতথ্য, গুজব ও প্রোপাগান্ডা মোকাবেলায় করণীয় এবং ফ্যাক্ট-চেকিং বিষয়ে প্রশিক্ষণ দেন দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার বাহারাম খান।
উদ্বোধনী দিনে প্রশিক্ষণ দেন এনটিভির জ্যেষ্ঠ প্রতিবেদক নিয়ামুল সাদেক ও দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার বাহারাম খান। তারা ভোট, ভোটার ও নির্বাচন কমিশনের ভূমিকা, নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলি, রাজনৈতিক দল, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব, নির্বাচন পর্যবেক্ষক ও গণমাধ্যমের ভূমিকা, নির্বাচন প্রক্রিয়া, গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ ও সংস্কার, নির্বাচনী ব্যবস্থাপনা এবং রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল