গোপালগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী সেলিমুজ্জামান সেলিমের পক্ষে জোরদার নির্বাচনি প্রচার-প্রচারণা চলছে। ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চেয়ে প্রার্থী নিজে ও তার সমর্থকেরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত মাঠে সক্রিয় রয়েছেন। পাড়া-মহল্লা, গ্রাম ও চায়ের দোকানে গিয়ে সরাসরি ভোটারদের সঙ্গে কথা বলছেন নেতাকর্মীরা।
এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়ের সময় ভোটাররাও নিজেদের সমস্যা ও প্রত্যাশার কথা জানাচ্ছেন। নির্বাচিত হলে সেগুলো সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হচ্ছে।
এমনই প্রচারের চিত্র দেখা গেছে গোপালগঞ্জ-০১ আসনের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের কলিগ্রাম খ্রিষ্টান পল্লিতে। গতকাল বৃহস্পতিবার সেখানে ধানের শীষের পক্ষে গণসংযোগে অংশ নেন গোপালগঞ্জ পৌর বিএনপির সহ-সভাপতি সোহেল কবীর সুমন, সাবেক সদস্য সচিব সামসুল আলম সবুজ, গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম রোমান, সাবেক বিএনপি নেতা শেখ রাজিবুর রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
প্রচারণাকালে তারা জলিরপাড় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডসহ আশপাশের গ্রাম ও পাড়া-মহল্লায় গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন। এ সময় ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করে ভোট ও সমর্থন চান নেতাকর্মীরা।
বিএনপি নেতারা বলছেন, এই প্রচারণা শুধু ভোট চাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। জনগণের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা ও আস্থা অর্জনই এর মূল লক্ষ্য। স্থানীয়দের সঙ্গে দীর্ঘ আলোচনার মাধ্যমে তারা এলাকার সমস্যা সম্পর্কে অবগত হচ্ছেন এবং তা সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন।
বিডি-প্রতিদিন/এমই