সিলেট-১ আসনে বিএনপি প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদিরের সমর্থনে বর্ণাঢ্য সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে ‘সিভিক্স ভয়েজ’ নামে নাগরিক সংগঠনের উদ্যোগে কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে থেকে এ র্যালি বের করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পাশা খন্দকারের নেতৃত্বে র্যালিটি কিনব্রিজের উত্তরপ্রান্তে গিয়ে শেষ হয়। পরে সেখানে নগর পরিচ্ছন্নতায় অংশ নেন তারা। র্যালিটি উদ্বোধন করেন খন্দকার আবদুল মুক্তাদির।
এসময় উপস্থিত জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক, সিভিক্স ভয়েজ’র সিইও মোসাদ্দেক আহমদ চৌধুরী, গোলাম জাকির চৌধুরী, মহানগর বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আশরাফ গাজী ও রুবেল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, নির্বাচনী প্রচারের অংশ হিসেবে জনসম্পৃক্ত ও পরিবেশবান্ধব কর্মসূচির মাধ্যমে নগরবাসীর মধ্যে সচেতনতা সৃষ্টি এবং ধানের শীষের প্রার্থীর পক্ষে সমর্থন জোরদার করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/কামাল