গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া–কোটালীপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন, ‘আমি আপনাদের কাছে কোনো রাজনৈতিক দলের নেতা বা এমপি হয়ে থাকতে চাই না। আমি সেবক হয়ে আপনাদের পাশে থাকতে চাই। আপনারা আমাকে একবারের জন্য ভোট দিয়ে সেই সুযোগ করে দিন।’
শুক্রবার সকালে কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের উত্তর হাজরাবাড়ী দুর্গা মন্দির চত্বরে স্থানীয় বিএনপি আয়োজিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
এস এম জিলানী বলেন, নির্বাচিত হলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আলোচনার মাধ্যমে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আমি নির্বাচিত হতে পারলে এ এলাকাকে শান্তি ও সম্প্রীতির আবাসভূমিতে পরিণত করবো। খেলাধুলার প্রসার ঘটিয়ে একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলবো।’
উপস্থিত জনগণের উদ্দেশ্যে তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে ৪ কোটি গৃহিণীকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবার মাসে আড়াই হাজার টাকার নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারবে। পাশাপাশি কৃষকদের জন্য চালু করা হবে কৃষি কার্ড, যার মাধ্যমে বিনামূল্যে সার, বীজসহ নানা সুবিধা দেওয়া হবে।
স্বাস্থ্যসেবা খাত প্রসঙ্গে তিনি জানান, দেশের প্রতিটি পরিবারের সদস্যদের জন্য চালু করা হবে স্বাস্থ্য কার্ড, যার মাধ্যমে স্বাস্থ্যসেবার মান উন্নত করা হবে।
এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, বিএনপি নেতা কাজী অমিত মাহমুদ, নজরুল ইসলাম মহিন, অ্যাডভোকেট ইলিয়াছ হায়দার, অনিমেষ গাইনসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/আশফাক