ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে বগুড়ায় নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার ভিডিপি)।
শুক্রবার সকাল ১০টায় শহরের খান্দার শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশের মাধ্যমে নির্বাচনকালীন সময়ে বাহিনীর সার্বিক প্রস্তুতি, নীতিগত অবস্থান এবং সদস্যদের করণীয় বিষয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়। বগুড়ায় সরাসরি অংশগ্রহণের পাশাপাশি জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে রংপুর, দিনাজপুর ও নীলফামারী জেলার নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত সদস্যরাও সমাবেশে যুক্ত হন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন আনসার ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি বলেন, রাষ্ট্রের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে বাহিনীর প্রতিটি সদস্যকে দৃঢ় অঙ্গীকারবদ্ধ থাকতে হবে। জাতীয় পতাকা ও বাহিনীর পতাকার মর্যাদা রক্ষায় পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরও বলেন, কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ ও বাহিনীর অপব্যবহার নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে। এসব অপতৎপরতা মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও দেশপ্রেম অপরিহার্য। সততা, দৃঢ়তা ও পেশাদারিত্বই এসব অপপ্রচারের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর জবাব।
মহাপরিচালক জানান, নির্বাচনী দায়িত্ব পালনের পাশাপাশি সদস্যদের কল্যাণ ও মৌলিক অধিকার সংরক্ষণেও বাহিনী সমান গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে আনসার ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্টকে আরও শক্তিশালী করা হয়েছে। পাশাপাশি জাপানি ভাষা প্রশিক্ষণের মাধ্যমে সদস্যদের বৈদেশিক কর্মসংস্থানে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতে বহুমুখী কল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বাহিনী ও তৃণমূল জনগোষ্ঠীর মধ্যে আস্থা ও সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
বিডি-প্রতিদিন/সুজন