বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেল বলেছেন, রাজনীতিতে অস্ত্রের খেলা খেললে কেউ বেশিদিন টিকে থাকতে পারে না। রাজনীতিতে টিকে থাকতে হলে মাঠের খেলা খেলতে হয়। মাঠের খেলায় পালিয়ে যেতে হয় না, কিন্তু অস্ত্রের খেলায় শেষ পর্যন্ত বোরখা পরে পালাতে হয়।
শুক্রবার সন্ধ্যায় মুন্সিগঞ্জ সদরের রামপাল উচ্চ বিদ্যালয় মাঠে মুন্সিগঞ্জ–৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
হাবিব উন নবী সোহেল বলেন, যারা অস্ত্রের রাজনীতি করেছে, তারাই আজ পালিয়ে বেড়াচ্ছে। শুধু নেতাকর্মীরাই নয়, তাদের নেত্রীও দেশ ছাড়তে বাধ্য হয়েছে। রাজনীতিতে সহিংসতা ও অস্ত্রের ব্যবহার জনগণ কখনো গ্রহণ করে না।
তিনি আরও বলেন, বিএনপির কাছে যোগ্য নেতৃত্বের কোনো অভাব নেই। দেশের ৩০০টি নির্বাচনী আসনে বিএনপির ৯ থেকে ১০ হাজার নেতাকর্মী রয়েছেন, যারা সংসদ সদস্য প্রার্থী হওয়ার যোগ্যতা রাখেন। তবে দল সবাইকে মনোনয়ন দিতে পারে না। দল যাকে মনোনয়ন দেয়, তাকে সম্মান ও আস্থার জায়গা থেকেই দেয়।
হাবিব উন নবী সোহেল বলেন, বিএনপি এমন প্রার্থীকে মনোনয়ন দিয়েছে, যার মাধ্যমে এলাকায় উন্নয়ন সম্ভব হবে। এ সময় তিনি উপস্থিত নেতাকর্মী ও সাধারণ ভোটারদের ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।
জনসভায় মুন্সিগঞ্জ–৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতনসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে বিকেল থেকেই হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে জনসভাস্থল জনসমুদ্রে পরিণত হয়।
বিডি-প্রতিদিন/সুজন