১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে ধানের শীষ প্রতীকের ভূমিধস বিজয় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী।
তিনি বলেন, ‘একটি মানবিক বাংলাদেশ গড়তে হলে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার বিকল্প নেই। এর মাধ্যমেই দলের চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।’
শুক্রবার বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা সদর বিবিরহাট বাজারে চট্টগ্রাম-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরের সমর্থনে গণসংযোগের সময় তিনি এসব কথা বলেন।
বিএনপিকে গণমানুষের দল উল্লেখ করে কাদের গনি চৌধুরী বলেন, ‘বিএনপি স্বাধীনতার স্বপক্ষের শক্তি। এদেশের মানুষ অতীতে বিএনপিকে ভোট দিয়ে কখনো প্রতারিত হয়নি। দেশের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় বিএনপি সর্বদা অগ্রণী ভূমিকা পালন করেছে।’
এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগের কথা স্মরণ করে বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ দেশের মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কোনোদিন আপস করেননি। তার সেই আপসহীন নেতৃত্বই আমাদের অনুপ্রেরণা।’
গণসংযোগকালে তিনি সাধারণ ভোটার, ব্যবসায়ী ও পথচারীদের হাতে ধানের শীষের লিফলেট তুলে দেন এবং প্রার্থী সরোয়ার আলমগীরের পক্ষে ভোট প্রার্থনা করেন।
এ সময় উপজেলা বিএনপি নেতা সরোয়ার হোসেন, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মোরশেদ হাজারী, যুগ্ম আহ্বায়ক ওসমান তাহের সম্রাট, পৌরসভা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বেলাল বিন নুর, সাবেক আহ্বায়ক মঈনউল্লাহ উজ্জ্বল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার বেলাল উদ্দিন মুন্না, ওমান বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, উত্তর জেলা ছাত্রদল নেতা সোহেল রানা, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক একরাম চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/এমই