বাগেরহাট-৩ আসন (মোংলা-রামপাল) বিএনপি মনোনীত প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ভোট নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। জাল ব্যালট, সিল উদ্ধার হচ্ছে এবং একটি চক্র সহিংসতার প্রস্তুতি নিচ্ছে। ভোট নিয়ে যারা দুর্বৃত্তায়নের চেষ্টা করবে, তাদের ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে।
শুক্রবার বিকেলে মোংলার সোনাইলতলা এলাকায় ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লায়ন ডা. শেখ ফরিদুল ইসলাম বলেন, বিএনপি দীর্ঘদিন ধরে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাচ্ছে। ভোটকেন্দ্রে কোনো ধরনের জালিয়াতি, চুরি বা দুর্নীতির চেষ্টা হলে তা প্রতিহত করতে হবে। প্রতিটি ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করে সবাইকে নির্বিঘ্নে ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে।
তিনি বলেন, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ভোটকেন্দ্রে সতর্ক অবস্থানে থাকতে হবে। ভোটকেন্দ্রের বাইরে এমন নিরাপত্তা বলয় তৈরি করতে হবে, যাতে প্রিজাইডিং ও পোলিং অফিসাররা কোনো অনিয়ম করার সুযোগ না পান। ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের কেন্দ্র ত্যাগ করা উচিত নয়।
নারীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মা-বোনেরা যেন ভোটকেন্দ্রে উপস্থিত থাকেন। কেউ যেন ভুয়া ব্যালট বা সিল নিয়ে কেন্দ্রে ঢুকতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
সোনাইলতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ হিল মারুফের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ রুস্তুম আলী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি বাবুল হোসেন রনি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ শাকির হোসেন এবং উপজেলা যুবদলের আহ্বায়ক এম সাইফুল ইসলাম।
বিডি-প্রতিদিন/সুজন