শরীয়তপুর জেলার সদর উপজেলার চিকন্দি ইউনিয়নে ভোটারদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করতে ভিন্নধর্মী বিনোদনের আয়োজন করেছেন শরীয়তপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাইদ আসলাম। তার উদ্যোগে শরীয়তপুরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বিনোদন পরিবেশন করছে একটি সার্কাস পার্টি। এই ব্যতিক্রমী প্রচারণা উপভোগ করতে সাধারণ মানুষের ভিড় জমাচ্ছে।
জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর জেলার তিনটি আসনে মোট ২১ জন প্রার্থী প্রতীক নিয়ে ভোটযুদ্ধে অংশ নিয়েছেন। এর মধ্যে ১০টি রাজনৈতিক দলের ১৭ জন দলীয় প্রার্থী এবং ৪ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। নির্বাচনকে কেন্দ্র করে জেলায় প্রার্থী ও তাদের কর্মসূচির ব্যস্ততা বেড়েছে। ভোটারদের কাছে পৌঁছাতে সবাই ছুটছেন দ্বারে দ্বারে এবং নানা প্রতিশ্রুতির মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, এমন ব্যতিক্রমী প্রচারণা তারা আগে কখনো দেখেননি। একাধিক ভোটার বলেন, এই আয়োজন দেখে তাদের খুব ভালো লেগেছে। সার্কাস দলের সদস্যদের সঙ্গে তারা ছবি তুলেছেন এবং আনন্দঘন এই প্রচারণাকে সত্যিই উপভোগ্য ও মজার বলে মনে করছেন। এতে করে এলাকায় একটি ভোটের আমেজ তৈরি হয়েছে।
তরুণ ভোটাররা জানান, আগের নির্বাচনগুলো ডামি হওয়ায় তেমন কোনো প্রচারণা চোখে পড়েনি। দীর্ঘদিন পর বিএনপির প্রার্থী সাইদ আহমেদ আসলামের এমন ব্যতিক্রমী প্রচারণা দেখে তারা মুগ্ধ হয়েছেন। তাদের মতে, এবার সত্যিকার অর্থেই একটি নির্বাচনের পরিবেশ তৈরি হচ্ছে। সার্কাস দলের সদস্যদের কসরত দেখে সবাই খুব খুশি।
এ বিষয়ে বগুড়া থেকে আসা ‘সোনার বাংলা সার্কাস’ দলের প্রধান সুশান্ত মোদক বলেন, তারা বিএনপি প্রার্থী সাইদ আসলামের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে শরীয়তপুরে এসেছেন।
তিনি আরও জানান- রনপা, এক চাকার সাইকেল, জাগলান, বায়োস্কোপসহ বিভিন্ন বিনোদনমূলক পরিবেশনার মাধ্যমে তারা সাধারণ মানুষের মাঝে আনন্দ ছড়িয়ে দিচ্ছেন। সাধারণ মানুষ এসব অনুষ্ঠান আগ্রহভরে উপভোগ করছেন। বিভিন্ন খেলা ও কসরতের মাধ্যমে ভোটারদের মধ্যে প্রচারণা চালানো হচ্ছে বলেও তিনি জানান
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ