ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষে নির্বাচনি প্রচারে অংশ নেওয়ায় সরাইল উপজেলা ছাত্রদলের সাত নেতাকে বহিষ্কার করা হয়েছে।
গতকাল শুক্রবার রাতে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত নেতাদের মধ্যে রয়েছে সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জুনায়েদ মিয়া, সরাইল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক আল আমিন, সরাইলের চুন্টা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. আল আমিন, সাবেক সহসভাপতি নাজিম উদ্দিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম ও শাহজাদাপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি শেখ রমজান।
এর আগে একই কারণে উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি, উপজেলা শ্রমিক দলের সভাপতি, উপজেলা যুবদলের সদস্যসচিবসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের অর্ধশতাধিক নেতাকে বহিষ্কার করা হয়েছে।
উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জামাল হোসেন লস্কর বলেন, ‘দলীয় শৃঙ্খলা অনুযায়ী বিএনপি জোটের প্রার্থীর পক্ষে কাজ না করে, বহিষ্কৃত প্রার্থীর পক্ষে যুক্ত থাকার সুস্পষ্ট তথ্যের ভিত্তিতে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।’
বিডি-প্রতিদিন/এমই