ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেছেন, আমি কোনো প্রভাবশালী রাজনৈতিক পরিবার থেকে আসিনি। আমার শৈশব ও পড়াশোনা ঢাকাতেই কেটেছে। কিন্তু আমি আমার শেকড়ে ফিরে এসেছি আপনাদের সেবা করতে। আমি গত ১৭ বছরে কারও কাছ থেকে একটি টাকাও নেইনি। আমি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি-সেটা কোনো দরিদ্র মেধাবী শিক্ষার্থী হোক কিংবা কোনো ক্যান্সার আক্রান্ত রোগী।
শনিবার বিকেলে ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া ইউনিয়নে নির্বাচনী জনসমাবেশে বক্তব্যে এসব কথা বলেন মাজেদ বাবু।
এ সময় মাজেদ বাবু বলেন, ঈশ্বরগঞ্জকে একটি আধুনিক ও বৈষম্যহীন জনপদ হিসেবে গড়তে চাই। আমি অঙ্গীকার করছি, আমি নির্বাচিত হলে এই এলাকাকে মাদক ও ক্যাসিনো মুক্ত করব। ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করব। আমার লাশের উপর দিয়ে না গিয়ে কেউ আপনাদের কাছে চাঁদা চাইতে পারবে না। আমি তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র সংস্কারের এই যুদ্ধে আপনাদের সাথে থাকতে চাই।
ধানের শীষে ভোট চেয়ে বিএনপির এই প্রার্থী বলেন, আমি হাজার হাজার ক্যান্সার রোগীর পাশে দাঁড়িয়েছি, আমি অসংখ্য অসহায় গরিব ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়িয়েছি। কারণ আমার লক্ষ্য ছিল মানুষের সেবা করা, একটি শিক্ষিত মূল্যবোধের প্রজন্ম তৈরি করা, একটি শিক্ষিত মূল্যবোধের সমাজ তৈরি করা।
এ সময় ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার বিএনপি নেতৃবৃন্দ ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত