খাগড়াছড়ির পানছড়িতে এক নির্বাচনী পথসভায় অংশ নিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়া। শনিবার বিকালে আয়োজিত ওই পথসভায় তিনি পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন।
তিনি বলেন, পাহাড়ি ও বাঙালি—সবার জন্যই স্থায়ী শান্তি দরকার। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় যা যা করা প্রয়োজন, বিএনপি ক্ষমতায় এলে সবকিছুই করা হবে। এ সময় তিনি বলেন, অতীতে তিনি জেলার উন্নয়নে কাজ করেছেন। তার বিষয়ে সিদ্ধান্ত নিতে ভোটারদের এক মিনিটই যথেষ্ট।
ওয়াদুদ ভূইয়া বলেন, আগামীতেও যদি ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে পাহাড়ে উন্নয়নের সুযোগ দেওয়া হয়, তাহলে তিনি এলাকার ভাগ্য উন্নয়নে কাজ করবেন।
দুপুর থেকে বিকাল পর্যন্ত পানছড়ি উপজেলার চৌধুরীপাড়া, লোগাং বাজার, কলোনিপাড়া, বটতলী দমদম, মুসলিম নগর, জিয়া নগর, মধ্যম ফাতেমা নগর ও হাসান নগর এলাকায় নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে পানছড়ি উপজেলার বিভিন্ন এলাকার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বিডিপ্রতিদিন/কবিরুল