আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর মহানগরীতে জাতীয় পার্টির (জাপা) কয়েক’শ নেতাকর্মী ও সমর্থক বিএনপিতে যোগ দিয়েছেন। শনিবার দুপুরে নগরীর কাশিমপুর থানা বিএনপির আয়োজিত এক নির্বাচনি বৈঠকে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে শওকত হোসেন সরকারের বাসভবন প্রাঙ্গণে গাজীপুর-১ আসনের বিএনপির প্রার্থী মজিবুর রহমানের সমর্থনে এ সভার আয়োজন করা হয়। সেখানে গাজীপুর মহানগর জাপার সিনিয়র সহসভাপতি মো. ফারুক খান ও কাশিমপুর থানা জাপার সভাপতি মো. রুহুল আমিন দেওয়ানের নেতৃত্বে কয়েক’শ নেতাকর্মী ও সহযোগী সংগঠনের সদস্যরা ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগ দেন। এ সময় তাদের ফুল দিয়ে বরণ ও মিষ্টি খাইয়ে শুভেচ্ছা জানানো হয়।
যোগদানকারী নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট দেওয়া এবং দলের হয়ে কাজ করার অঙ্গীকার করে বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এলাকার উন্নয়নের স্বার্থে তারা জাপা ত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন।
নবাগতদের স্বাগত জানিয়ে মো. শওকত হোসেন সরকার বলেন, দেশের অন্যতম জনপ্রিয় দল বিএনপি। তারেক রহমানের নেতৃত্ব ও ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উদ্বুদ্ধ হয়ে তাদের যোগদানে গাজীপুর মহানগর বিএনপি আরও শক্তিশালী হবে এবং গাজীপুর-১ আসনে ধানের শীষের প্রার্থীর বিজয় সহজ হবে।
বিডি প্রতিদিন/হিমেল