আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনে আনসার সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিয়েছেন মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
তিনি বলেন, ‘ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে সকল সদস্যকে অটল পাহাড়ের ন্যায় দৃঢ় অবস্থানে থেকে যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধ করতে হবে। অনিয়ম, ব্যালট বক্স ছিনতাই, জাল ভোট কিংবা রাজনৈতিক প্রভাব ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।’
সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে শনিবার গাজীপুরে এক প্রস্তুতিমূলক সমাবেশ তিনি এ কথা বলেন। নির্বাচনকালীন নিরাপত্তা, পেশাদারিত্ব এবং প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার মাধ্যমে বাহিনীর দৃঢ় অবস্থান তুলে ধরাই ছিল এ সমাবেশের মূল প্রতিপাদ্য।
এতে প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক বলেন, ‘‘নির্বাচনি সুরক্ষা অ্যাপসহ আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে যেকোনো অপ্রীতিকর ঘটনা তাৎক্ষণিকভাবে রিপোর্ট করতে হবে। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাগণ ‘রেসপন্ডার’ হিসেবে দায়িত্ব পালন করবেন। জেলা কমান্ড্যান্ট থেকে শুরু করে আনসার-ভিডিপি সদর দপ্তর পর্যন্ত একটি শক্তিশালী অবজারভার টিম সার্বক্ষণিক নজরদারিতে থাকবে।’’
তিনি আরও বলেন, ‘সুস্থ, প্রশিক্ষিত ও স্মার্ট সদস্যদেরই এবারের নির্বাচনি দায়িত্বে দেওয়া হয়েছে। দেশ ও বাহিনীর পতাকাকে সমুন্নত রেখে রাষ্ট্রের অর্পিত এই পবিত্র দায়িত্ব এবং জনগণের আমানত সঠিকভাবে রক্ষা করাই সব সদস্যের প্রধান কর্তব্য।’
এ সময় ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার মাধ্যমে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মহাপরিচালক।
সমাবেশে সরাসরি উপস্থিতির পাশাপাশি অনলাইনের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলার নির্বাচনি দায়িত্বপ্রাপ্ত আনসার-ভিডিপি সদস্যরাও যুক্ত ছিলেন।
বিডি-প্রতিদিন/এমই