জনগণের ভোটে নির্বাচিত হলে সামাজিক নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে গণসংযোগ ও পথসভায় তিনি এই প্রতিশ্রুতির কথা জানান।
বিএনপি নেতা বলেন, নারায়ণগঞ্জে ধানের শীষের পক্ষে ইতোমধ্যেই গণজোয়ার সৃষ্টি হয়েছে। নির্বাচিত হলে কৃষকদের বিশেষ কৃষি কার্ড দেওয়া হবে। যার আওতায় বিনা সুদে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা সহায়তা দেওয়া হবে। এ অর্থ পরিশোধে কোনো চাপ বা বাধ্যবাধকতা থাকবে না। সেই সাথে সোনারগাঁবাসীর দীর্ঘদিনের দাবি অনুযায়ী বৈধ গ্যাস সংযোগের ব্যবস্থা করা হবে।
দিনব্যাপী প্রচারণায় এলাকায় উন্নয়নে নেওয়ার বিভিন্ন পরিকল্পনা কথাও তুলে ধরার পাশাপাশি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
এসময় জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানি, সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সনমান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি সাফির উদ্দীন মজনু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফ মোল্লা ও সনমান্দী ইউনিয়ন বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কামাল