গাজীপুর-৫ (কালীগঞ্জ, পূবাইল, বাড়িয়া) আসনে জনতার দলের প্রার্থী ও দলের মহাসচিব আজম খান বলেছেন, ‘নির্বাচিত হলে চাঁদাবাজি, সন্ত্রাসমুক্ত কালীগঞ্জ উপহার দেওয়া হবে। এলাকায় কোনো ধরনের চুরি-ডাকাতি হলে তদন্ত ও যুক্তি প্রমাণ সাপেক্ষে ৭২ ঘণ্টার মধ্যে সমপরিমাণ অর্থ পরিশোধ করা হবে।’
শনিবার বিকেলে কালীগঞ্জ উপজেলার মুক্তারপুরের বেরুয়া এলাকায় নির্বাচনি সমাবেশে এ কথা বলেন তিনি।
আজম খান আরও বলেন, ‘সব ধরনের চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে এলাকায় স্যাটেলাইট পদ্ধতিতে ক্যামেরার আওতায় আনা হবে এবং প্রথম তিন মাসের মধ্যে বক্তারপুর ও জাঙ্গালিয়া ইউনিয়ন মডেল হিসেবে গড়ে তোলা হবে।’
তিনি আরও বলেন, ‘ভরাট হয়ে যাওয়া খাল ও নদীগুলো খনন করে বেলাই লেইক ড্রাইভ, শীতলক্ষ্যা রিভার ড্রাইভ, কাঞ্চন খেকে নরুন পর্যন্ত গাজীপুর ইটাখোলা সড়কে সংযুক্ত করা হবে। ভূমিহীনদের জন্য আবাসন এবং উপজেলার মামার বাড়ি রিসোর্টকে গরীব ও বাচ্চাদের জন্য বিনামূল্যে বিনোদনের ব্যবস্থা করা হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনতার দলের কালীগঞ্জ উপজেলা কমিটির সভাপতি রফিকুল ইসলাম। সাধারণ সম্পাদক মুহাম্মদ নোমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জনতার দল গাজীপুর জেলা কমিটির সভাপতি হাজী শামসুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু জাফর রিপন, মো. শাহজাহান, মো. সিরাজউদ্দিনসহ অন্যরা।
পরে তিনি কালীগঞ্জের জামালপুর ইউনিয়নের নারগানা, মেন্দিপুর, দলানবাজারসহ বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন।
বিডি-প্রতিদিন/এমই