সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য জাতীয় সংসদে সংরক্ষিত আসনের দাবি জানিয়ে নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন রংপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী।
শনিবার রাতে নগরীর নুরপুরের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন। সেই সঙ্গে আগামী ১২ ফেব্রুয়ারি হরিণ প্রতীকে রংপুর সদরবাসীকে ভোট না দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ‘নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে আমার নির্বাচনি কর্মী ও স্বেচ্ছাসেবকদের প্রতি অনুরোধ জানাচ্ছি, আমার এই সিদ্ধান্তকে কেন্দ্র করে যেন কোথাও কোনো ধরনের উত্তেজনা, সংঘাত বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়। আমরা শান্তিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ ও সহনশীল রাজনৈতিক পরিবেশ বিশ্বাস করি।’
রানী আরও বলেন, ‘আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম সাধারণ মানুষের পাশে থাকবো। আমি সেই অঙ্গীকার রক্ষা করেছি এবং ভবিষ্যতেও করব। আমি কারো কাছে বিক্রি হইনি, কিংবা কারো সঙ্গে আপস করিনি। তাই কেউ আমাকে ভুল বুঝবেন না।’
তিনি বলেন, ‘দেশে হিজড়া, আদিবাসী, হরিজনসহ বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠী নিজ দেশেই মৌলিক অধিকার থেকে বঞ্চিত। পৈতৃক সম্পত্তি, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে তারা বৈষম্যের শিকার হয়েছে। সময়ের পরিবর্তন হলেও প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যের প্রত্যাশিত পরিবর্তন হয়নি। ফলে আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবে চিহ্নিত হয়ে আসছি।’
এ সময় তিনি আরও বলেন, ‘আমরা পিছিয়ে পড়া নই, পিছিয়ে রাখা জনগোষ্ঠী। আমরা সমাজের বোঝা হয়ে থাকতে চাই না, মূলধারায় মর্যাদাপূর্ণ অংশগ্রহণ চাই। সংসদে ৫০টি সংরক্ষিত আসন করা হলেও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কোনো সংরক্ষিত আসন দেওয়া হয়নি। নারীদের পাশাপাশি হিজড়াসহ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সংরক্ষিত আসনের দাবি জানাচ্ছি।’
বিডি-প্রতিদিন/এমই