ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের দক্ষিণ শান্তিপুর এলাকায় শনিবার জামায়াতে ইসলামীর একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. মহসিন।
উঠান বৈঠকে তিনি স্থানীয় জনগণের উদ্দেশ্যে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে শিক্ষাখাতের সার্বিক উন্নয়ন, ‘আমার সংসার–আমার আয়’ শীর্ষক মা-বোনদের জন্য বিশেষ আয়বর্ধক প্রকল্প চালু, মেঘনা নদীকে কেন্দ্র করে ভাসমান মৎস্যশিল্প গড়ে তোলা এবং যুবসমাজকে মাদক থেকে রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ।
তিনি বলেন, শান্তিপুর থেকে নরসিংদীর সঙ্গে যোগাযোগ সহজ করতে ফেরিঘাট নির্মাণ এবং শান্তিপুরের পাশ দিয়ে মেরিন ড্রাইভ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। এলাকার সার্বিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এসব প্রকল্প বাস্তবায়ন করা হবে। এ জন্য তিনি আগামী দিনে জনগণের সমর্থন কামনা করেন।
উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপজেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল