আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন নাটোর-১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু।
তিনি বলেন, হিন্দু সম্প্রদায়সহ সাধারণ ভোটাররা সন্ত্রাসীদের আতঙ্কে ভোটকেন্দ্রে যাওয়ার বিষয়ে ভয় পাচ্ছেন। রাতের অন্ধকারে সন্ত্রাসীরা হেলমেট মাথায় দিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ভয় দেখাচ্ছে, ভোটের কেন্দ্রে যেতে ভোটারদের নিষেধ করছে। বিষয়গুলো আইনশৃঙ্খলা বাহিনী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলেও তেমন পদক্ষেপ দেখা যাচ্ছে না।
শনিবার দুপুরে নাটোরের ওয়ালিয়া বাজারে নির্বাচনি অফিসে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তাইফুল ইসলাম টিপু।
তিনি অভিযোগ করেন, শুক্রবার রাতে লালপুর উপজেলার কুচুয়া গ্রামে সন্ত্রাসী বাহিনী কলস প্রতীকের প্রচার মিছিলে গুলি বর্ষণ করে ছত্রভঙ্গ করে দেয় ও হামলা করেন। এ সময় ১০ থেকে ১২ জন কর্মী আহত হয়েছেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য নির্বাচন কমিশনকে আরও জোরালো ভূমিকা নেওয়ার আহ্বান জানান তাইফুল ইসলাম টিপু।
এ সময় উপস্থিত ছিলেন গোপালপুর পৌরসভার সাবেক মেয়র মঞ্জুরুল ইসলাম বিমল, বাগাতিপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক, বাগাতিপাড়া পৌরসভার সাবেক মেয়র একেএম শরিফুল ইসলাম লেলিন, দুয়ারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেন, ওয়ালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম প্রমুখ।
বিডি-প্রতিদিন/এমই