ফেনী-৩ (দাগনভূঞা ও সোনাগাজী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর জীবনের নিরাপত্তা চেয়ে স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার বিকেলে ফেনীর দাগনভূঞা থানায় জিডিটি করেন মিন্টুর নির্বাচনী এজেন্ট মোহাম্মদ শামসুদ্দীন।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান ধানের শীষ প্রার্থীর পক্ষে তার এজেন্ট জিডি করেছেন বলে সত্যতা নিশ্চিত করেছেন।
জিডিতে উল্লেখ করা হয়, ৪ ফেব্রুয়ারি বিকেল ৪টায় দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নে ফেনী–৩ আসনের জামায়াত প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন ওরফে মানিকের নির্বাচনী প্রচারণায় জামায়াত নেতা মেজবাহ উদ্দিন ধানের শীষের প্রার্থী মিন্টুকে উদ্দেশ করে হুমকি দিয়েছেন। ধানের শীষের প্রার্থীকে এ রকম আরও বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে প্রতিনিয়ত হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। এতে করে প্রার্থী জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন।
জানতে চাইলে জামায়াত নেতা মেজবাহ উদ্দিন বলেন, ‘নির্বাচনকালীন সময়ে আমি একটি রাজনৈতিক বক্তব্য দিয়েছি। এখানে এটিকে ব্যক্তিগত পর্যায়ে নেওয়ার কিছু নেই। আমি যা বলেছি, আপনারা ভিডিওতে বক্তব্যটি শুনতে পারেন। এটি অনলাইনে পাওয়া যাবে। আমার বিরুদ্ধে জিডি করে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করা হচ্ছে। পুলিশকে টাকা খাইয়ে বিএনপির প্রার্থী জিডি করেছেন।’
জিডি প্রসঙ্গে ওসি মুহাম্মদ ফয়জুল আজীম নোমান বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/কেএইচটি