আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সচেতনতা বাড়াতে ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য অফিস ও যোগাযোগ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ব্যাপক জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা শুরু হয়েছে।
রবিবার সকালে ভোটার উদ্বুদ্ধকরণ ও নির্বাচনী আচরণবিধি সম্পর্কে সাধারণ জনগণকে অবহিত করতে ট্রাকে ট্রাকে গান ও বার্তাবাহী প্রচার কার্যক্রম কর্মসূচির উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের পক্ষে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এন এম কায়সার।
এই কর্মসূচির অংশ হিসেবে জেলা শহরে জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চের প্রধান ফটকের সামনে থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ঘুরে ঘুরে শিল্পীরা পরিবেশন করেন দেশাত্মবোধক গান ও সচেতনতামূলক বার্তা। এতে ভোটাধিকার প্রয়োগ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা এবং নির্বাচনী আচরণবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস জানান, ভোটারদের মধ্যে সচেতনতা সৃষ্টি ও নির্বাচনী পরিবেশকে ইতিবাচক রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, “এই কর্মসূচির মাধ্যমে ভোটাররা তাদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে আরও সচেতন হবেন বলে আমরা আশাবাদী।
উপস্থিত কর্মকর্তারা জানান, ভোটার উপস্থিতি বৃদ্ধি, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতেই এ ধরনের জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম নির্বাচনকালীন সময়জুড়ে অব্যাহত থাকবে।
এ সময়, উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষা অফিসার মো. জুলফিকার হোসেন, জেলা সমাজসেবার উপ-পরিচালক আব্দুল কাইয়ুম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা।
বিডি-প্রতিদিন/তানিয়া